দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৭ সালে ‘বিদ্রোহ দমনের’ নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ন্যায়সংগত নয়’ বলে মনে করছে মিয়ানমার।
গতকাল ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর মিয়ানমারের প্রতিক্রিয়া জানতে রাজধানী নেপিদোতে প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি। দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ রায়কে ‘অন্যায্য’ উল্লেখ করে এএফপিকে বলেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।”
তিনি আরও বলেন, “সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।”
২০১৭ সালের আগস্টের প্রথম দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। পরে ওই বিস্ফোরণের দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। ওই হামলার প্রতিক্রিয়ায় আগস্টের মাঝামাঝি থেকে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
ভয়াবহ ওই সহিংসতার মুখে টিকতে না পেরে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। গতকাল ১৯ নভেম্বর সেই মামলার রায় ঘোষণা করা হয়।
এমএস/